যুবকের গলাধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়ায় যুবকের গলাধাক্কায় প্রাণ গেল এক নারীর। ওই নারীর নাম জরিনা বেগম (৭২)। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর স্ত্রী। ক্যারম বোর্ড ভাঙাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত জরিনার মেজো ছেলে রফিক খান (৫০) বলেন, উপজেলার পাইকপাড়া গ্রামের পাইকপাড়া যুব উন্নয়ন সমিতির একটি ক্যারম বোর্ড গত বৃহস্পতিবার রাতে কে বা কারা ভেঙে ফেলে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যার পর ওই সমিতির কর্মকর্তা এবং একই গ্রামের বাসিন্দা ইকবাল শেখ (৩২), এনামুল শেখ (২৫), নাসির শেখ (৩৭), মারুফ শেখ (৩২) ও ইমন শেখ (২৪) মিলে জরিনা বেগমের দেবর হাফেজ আলী খানের ছেলে হালিম খানকে (২৪) সন্দেহ করেন। তাঁরা তাঁকে বাড়ি থেকে সমিতির কার্যালয়ে ডেকে নিয়ে কিল-ঘুষি মারতে থাকেন। তাঁদের ভয়ে এ সময় হালিম তাঁর বাড়ির দিকে দৌড় দেন। ওই যুবকেরাও তাঁর পিছু নিলে এ সময় জরিনা বেগম তাঁদের বাধা দেন। বাধা দেওয়ার অপরাধে ওই যুবকদের মধ্য থেকে ইকবাল শেখ জরিনা বেগমকে গলাধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান ও মাথায় আঘাত পান। পরে রাত আটটার দিকে তিনি মারা যান।
এদিকে ওই রাতেই নিহত জরিনার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বাদ মাগরিব পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এ ব্যাপারে ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ক্যাম্প) দায়িত্বরত কর্মকর্তা এসআই কামাল হোসেন বলেন, গলাধাক্কায় বৃদ্ধার মৃত্যুর কথা শুনে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে।