যুবকের গুলিবিদ্ধ লাশ, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আল-আমিন (২৮) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে শহরের মেড্ডা সরকারি শিশু পরিবার-সংলগ্ন একটি খোলা জায়গা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আল-আমিন শহরের কান্দিপাড়া গ্রামের মাইমলহাটি মহল্লার মৃত জিল্লু মিয়ার ছেলে।
আল-আমিনের স্ত্রী তানজিনা বেগম ও চাচা ইলু মিয়া অভিযোগ করেন, সোমবার বিকেল চারটার দিকে সদর থানার এএসআই আশরাফ সিদ্দিকের নেতৃত্বে সাদাপোশাক পরা পাঁচ-ছয়জন পুলিশ সদস্য স্থানীয় দুজন তথ্যদাতা রুকন মিয়া ও খোকন মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে আল-আমিনকে ধরে থানায় নিয়ে যান। গতকাল সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা জানতে পারেন আল-আমিনের গুলিবিদ্ধ লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পড়ে রয়েছে।
আল-আমিনের স্ত্রী ও চাচার অভিযোগ, পুলিশই আল-আমিনকে গুলি করে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই আশরাফ সিদ্দিকী বলেন, ‘এসব বিষয়ে আমি কিছুই জানি না। আমি গতকাল ওই এলাকায় যাইনি।’ নিহত যুবকের পরিবার জানিয়েছে আপনাকে তাঁরা চেনেন এবং আপনিই আল-আমিনকে তুলে নিয়ে যান—এ প্রশ্ন করা হলে আশরাফ বলেন, ‘আমি এক বছর ধরে এই থানায় কর্মরত। আমাকে যে কেউ চিনতে পারে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত যুবকের পরিবারের লোকজন ঘটনাটি মনগড়ামতো বানিয়ে পুলিশের বিরুদ্ধে বলার চেষ্টা করছে’ আল-আমিন কান্দিপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে বলেও জানান ওসি।