যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এরশাদ আলী (৩৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।


নিহত এরশাদ আলীর বাবার নাম আবদুল জব্বার। মহেশপুর উপজেলার ক্যাম্পপাড়ায় তাঁদের বাড়ি।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহিন বলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঠে আজ সকালে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।


ওসি শহিদুল আরও বলেন, এরশাদকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর কপালে ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে।


নিহত এরশাদের স্বজনদের বরাত দিয়ে ওসি শহিদুল বলেন, এরশাদ চুয়াডাঙ্গা জেলার জীবননগর শহরে থাকতেন। তাই তিনি ধারণা করছেন, কেউ এরশাদকে অপহরণ করে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এনে হত্যা করে লাশ মাঠে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।