যুবকের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছেন মা ও মেয়ে
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর ওপর তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করেছেন এক যুবক। এতে গৃহবধূর (৩০) শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দাহ্য পদার্থে তাঁর মেয়ের শরীরের (১৩) কিছু অংশও পুড়ে গেছে।
গত মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। রাতেই গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মেয়েকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। প্রতিবেশী এক যুবক (৩৫) বেশ কিছু দিন ধরে তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ওই যুবক কয়েক দিন ধরে গৃহবধূকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।
গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূ বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে আমি ও আমার মেয়ে ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ জানালায় শব্দ হতে থাকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই পানির মতো কিছু শরীরে এসে পড়ে। পরে আর কিছু মনে নেই।’
গৃহবধূর ভাই বলেন, ‘দাহ্য পদার্থ নিক্ষেপকারী যুবক পালিয়ে গেলে প্রতিবেশীরা এসে আমার বোন ও ভাগনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আমার বোনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমি এ ঘটনায় মামলা করব।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক বলেন, এটি হালকা মাত্রার অ্যাসিড হতে পারে। গৃহবধূর পিঠ ও পেটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে পোড়া খুব বেশি গভীর নয়। তিনি আশঙ্কামুক্ত।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। ওই যুবক পলাতক। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।