যুবকের তৃতীয় বিয়ে ও ইউপি মেম্বারের বর্বরতা
রংপুরের পীরগঞ্জে শাহীন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে বেধড়ক পেটানোর পর মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোজ্জামেল হক ওরফে কানু মেম্বার ও তাঁর সাঙ্গপাঙ্গরা। তৃতীয় বিয়ে করার অপরাধে শাহীনের ওপর এ নির্যাতন চালানো হয়। পরে গতকাল বুধবার বেলা ১১টার দিকে শাহীনকে পুলিশের হাতে তুলে দেন তিনি। সন্ধ্যার দিকে পুলিশ শাহিনকে ছেড়ে দেয়।
শাহীনের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত মঙ্গলবার মধ্যরাতে একই ইউনিয়নের রসুলপুর গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে গোলাপী বেগমকে (২৭) বিয়ে করেন শাহীন। এরপর নতুন স্ত্রীকে শ্বশুরালয়ে রেখে তিনি রাতেই নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে রসুলপুর বাজারের কাছে পৌঁছালে কানু মেম্বার ও তাঁর সাঙ্গপাঙ্গরা শাহীনকে তৃতীয় বিয়ে করার অপরাধে ধরে নিয়ে নির্যাতন করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার কুমিদপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে শাহিনের বাড়ি। এর আগে তিনি দুটি বিয়ে করলেও এক স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। আরেক স্ত্রীর সঙ্গে অনেক আগে তাঁর ছাড়াছাড়ি হয়।
গতকাল সন্ধ্যার পর মুঠোফোনে শাহীন প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘রসুলপুর বাজার থেকে ওই দিন রাত দেড়টার দিকে কানু মেম্বারের নেতৃত্বে ৫-৬ জন আমাকে ধরে রিকশা ভ্যানে তুলে মেম্বারের বাড়িতে নিয়ে যায়। এরপর আমগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে সারা রাত মেম্বার কানু, শাহীন, সুজন, সাজু, স্বপন, সামিউল লাঠি দিয়ে পেটায়। আজ (গতকাল) সকালে মেম্বরের নির্দেশে সাদ্দাম নামের এক ব্যক্তি আমার মাথার চুল জোর করে ছিলে দেয়। এরপর মেম্বরের ছেলে কাঁকন আমার মাথায় লাল রং ঢেলে দেয়। পরে গলায় জুতার মালা ঝুলিয়ে আমাকে গোটা গ্রাম ঘোরানো হয়। এরপর মেম্বার ও তাঁর লোকজন আমাকে থানায় দেয়। পুলিশ আমাকে সারা দিন থানাহাজতে আটকে রাখে।’ একপর্যায়ে শাহীন কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘স্যার, আমার কী অপরাধ? আমি বৈধভাবে বিয়ে করেছি। আমি গরিব মানুষ। অন্যের বাড়িতে কাজ করে খাই। আমি মেম্বারের বিচার চাই।’
ইউপি সদস্য মোজাম্মেল হক ওরফে কানু বলেন, ‘শাহীন বারবার বিয়ে করে বউ ছেড়ে দেয়। এবার সে তৃতীয় বিয়ে করায় এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে তাকে একটু শাস্তি দেওয়া হয়েছে, যেন এমন ঘটনা আর সে না ঘটায়।’
এদিকে শাহীনের সদ্য বিবাহিত স্ত্রী গোলাপী বেগম অভিযোগ করেন, ‘খবর পেয়ে আমি পীরগঞ্জ থানায় গেলে থানার দারোগা (এসআই) মোজাহার হোসেন স্বামীকে ছাড়াতে আমার কাছে ৪০ হাজার টাকা ঘুষ চান। আমি গরিব মানুষ। তাই ৫ হাজার টাকা দিতে চাইলে দারোগা ক্ষিপ্ত হয়ে বলেন, “এত অল্প টাকায় হবে-টবে না। ৫ থেকে ১০ হাজার টাকায় থানা থেকে কাউকে ছাড়া হয় না।” এরপর আমি থানা থেকে চলে আসি। বিকেলে এলাকার কিছু মানুষ শাহীনকে ছাড়াতে থানায় গেলে সন্ধ্যার আগে পুলিশ শাহীনকে ছেড়ে দেয়।’
পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাহার হোসেন বলেন, ‘আমি শাহীনকে আটক করিনি। তাঁর বিরুদ্ধে কোনো মামলাও আমার কাছে নেই।’ ঘুষ চাওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম মুঠোফোনে বলেন, ‘ওই এলাকার ইউপি সদস্য মোজাম্মেল হক শাহীনকে ধরে এনে থানায় দেন। এরপর ইউপি সদস্য শাহীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, শাহীন বারবার মানুষের সংসার নষ্ট করে অন্যের বউকে বিয়ে করেন। অভিযোগের কারণে তাঁকে থানাহাজতে আটকে রাখা হয়। কিন্তু শাহীন যাঁকে বিয়ে করেছেন তাঁর কোনো অভিযোগ না থাকায় সন্ধ্যার আগে তাঁকে থানা থেকে ছেড়ে দিয়েছি। তাঁকে ছাড়তে কেউ কোন ঘুষ চায়নি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহীনের ওপর কেউ নির্যাতন করে থাকলে লিখিত অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হবে।