যুবকের দগ্ধ লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যাকাণ্ড
মাগুরার সীমান্তবর্তী ঝিনাইদহ সদর উপজেলার লোহাজঙ্গা গ্রামে গতকাল শনিবার দগ্ধ হয়ে এক যুবক মারা গেছেন। পরিবারের লোকজনের দাবি, তাঁকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
নিহত যুবকের নাম দিলীপ বসাক (৩০)। তাঁর বাড়ি লোহাজঙ্গা গ্রামে। তিনি কৃষিকাজের পাশাপাশি প্রতিমা তৈরি করতেন। চিকিৎসকেরা বলছেন, তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
দিলীপের চাচা অরবিন্দু বসাক বলেন, গতকাল সকাল নয়টার দিকে গ্রামের মাঠে নিজের জমিতে দিলীপ তিল কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে বাড়ি নিয়ে আসেন। তাঁর শরীরের পিঠের দিকে ও পা পোড়া ছিল। যুবকেরা তাঁকে মৃত অবস্থায়ই বাড়িতে আনেন। তারপরও বেলা দেড়টার দিকে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, আগুন, অ্যাসিড বা অন্য কীভাবে ওই ব্যক্তি পুড়েছেন—তা পরীক্ষা না করে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত না করেই তাঁর পরিবারের লোকজন লাশ নিয়ে চলে যান।
দিলীপের চাচাতো ভাই সুশান্ত বসাক বলেন, ‘দিলীপের শত্রু ছিল না। সবার সঙ্গেই সুসম্পর্ক ছিল। তিনি প্রতিমা তৈরির পাশাপাশি ধর্মীয় তন্ত্রমন্ত্রের কিছু কাজ করতেন। জমিতে তিনি একাই তিল কাটতে গিয়েছিলেন। তিল কাটাও শেষ হয়েছিল। আমাদের ধারণা, কেউ তাঁকে অ্যাসিড বা অন্য কিছু দিয়ে পুড়িয়ে হত্যা করেছে।’
নাম প্রকাশ না করার শর্তে লোহাজঙ্গা গ্রামের দুজন বলেন, দিলীপের লাশটি তাঁর জমির পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হেলান দিয়ে বসা দেওয়া অবস্থায় ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়েও তাঁর মৃত্যু হতে পারে। তবে প্রত্যক্ষদর্শী না থাকায় নিশ্চিত করে তা বলা যাচ্ছে না।