যুবকের বিরুদ্ধে মামলা জেলা পরিষদ চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর এক যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান। এতে তিনি ফেসবুকে মন্ত্রীদের নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগ এনেছেন।

রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের সামসুল আরেফিন চৌধুরীর (৩০) বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে মামলাটি করা হয়। আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান। পাশাপাশি তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফেসবুকে ওই পোস্ট দেখে আমি প্রচণ্ডভাবে মর্মাহত হয়েছি। মন্ত্রীদের বিরুদ্ধে অশোভন মন্তব্য করায় আসামির শাস্তির দাবিতে মামলা করেছি।’

দণ্ডবিধির ৫১০ ধারায় করা এই মামলা সূত্রে জানা যায়, ১ জুন সন্ধ্যায় আসামি সামসুল আরেফিন চৌধুরী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবি আকারে একটি পোস্ট দেন। তাতে লেখা ছিল, ‘কোন মন্ত্রীর নাম শুনলে তাঁর মুখে থুতু দিতে মন চায়?’ তার নিচে অনেকে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীর নাম লেখেন এবং তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অশোভন মন্তব্য করেন। বিষয়টি নজরে আসায় বাদী প্রথমে আইনজীবীর মাধ্যমে সামসুল আরেফিন চৌধুরীকে উকিল নোটিশ দেন। এতে তিন দিনের মধ্যে এমন মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু আসামি নোটিশের জবাব না দেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সামসুল আরেফিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাকে কেউ যেন আইন শেখাতে না আসে। আমি নিজেও কমবেশি আইন জানি। এই মন্তব্য করায় কোনো মামলা হওয়ার সুযোগ নেই।’

বাদীপক্ষের আইনজীবী মোস্তফা কবীর বলেন, রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক আরিফুজ্জামান বিষয়টি তদন্ত করতে রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।