যুবকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় নোমান হোসেন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে নয় বছরের শিশুকে মারধর ও পদদলিত করে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার গালুয়া ইউনিয়নে নিজগালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জাহিদুল ইসলামকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে গালুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও গালুয়া জামিয়া ইসলামিয়া মাহতাব উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
বায়তুন নুর জামে মসজিদের ইমাম ইসমাইল হোসেন জানান, শনিবার রাতে জাহিদ মসজিদে নামাজ পড়তে আসে। নামাজের মধ্যে তার বেশ কয়েকবার কাশি হয়। এ সময় জাহিদকে মসজিদের বারান্দায় নিয়ে মারধর করেন নোমান হোসেন। পদদলনে জাহিদ অসুস্থ হওয়ায় নোমান পালিয়ে যান। পরে জাহিদকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল খায়ের মাহামুদ বলেন, শিশুটিকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। সে আশঙ্কামুক্ত। তবে বুকে ব্যথার কারণে শক্ত খাবার খেতে পারছে না।
গালুয়া জামিয়া ইসলামিয়া মাহতাব উলুম মাদ্রাসার সুপার আবদুর রহিম খান জানান, নোমানের বাড়ি নিজগালুয়া গ্রামে। এলাকায় তিনি বখাটে হিসেবে পরিচিত।
গতকাল রোববার নোমান হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি।