যুবকের মৃত্যুর ঘটনায় আজও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
রংপুরের হারাগাছ পৌরসভায় শনিবার যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে আজ রোববারও পুলিশের সঙ্গে ক্ষুব্ধ এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।
শনিবার রাতে হারাগাছের হক বাজার এলাকার গণি মার্কেটে জুয়া খেলার আসরে পুলিশ অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় আজিজুল ইসলাম (২৭) মারা যান বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ ফাঁড়িতে হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুলের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ রোববার সকাল থেকে হারাগাছ পৌর এলাকার দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী পৌর সদরে দফায় দফায় বিক্ষোভ করেন। বেলা একটার দিকে হক বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া হারাগাছের প্রধান সড়কজুড়ে টায়ারে আগুন লাগিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ লোকজন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী প্রথম আলোকে, আজিজুলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশের রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট এস এম রাশিদুল হককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে আজিজুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশি নিরাপত্তায় লাশ আজ বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক রবী শংকর মণ্ডল প্রথম আলোকে বলেন, নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
নিহত আজিজুল ইসলামের মা রাশেদা বেগম জানান, ‘আমার ছেলের মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’