মাদক ব্যবসার প্রতিবাদ করায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদক ব্যবসায়ীর লোকজন গতকাল মঙ্গলবার দুপুরে এক তরুণের বাঁ হাতের রগ কেটে দিয়েছেন। মেদেনীমণ্ডল ইউনিয়নে মাহমুদপট্টিতে ওই ঘটনা ঘটে।
কাঞ্চন খন্দকার (২৩) নামে ওই তরুণের রগ কেটে দেওয়া ছাড়াও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় কাঞ্চনের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে সোহেল রানা, জুয়েল ও রানা নামে তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন।
কাঞ্চন খন্দকারের বড় ভাই মুনসুর খন্দকার জানান, তাঁর ভাই কিছুদিন আগে মাহমুদপট্টিতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। গতকাল দুপুরে কাঞ্চনকে মাহমুদপট্টিতে পেয়ে সোহেল রানা, জুয়েলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাঁ হাতের রগ কেটে দেন। এ সময় তাঁকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।