যুবকের লাশ উদ্ধার, পুলিশ বলছে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার দুই দিন পর কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ায় ঘর থেকে জসীমউদ্দিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁকে হত্যা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জসীমউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। তিনি শহরের হাউজিং এলাকায় থাকতেন এবং ট্রাকচালকের সহকারী ছিলেন।

জসীমউদ্দিনের ছোট ভাই বশিরউদ্দিনের ভাষ্য, তাঁর ভাইয়ের স্ত্রী ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। মোল্লাতেঘরিয়া এলাকায় ভাড়া করা একটি বাসায় জসীমউদ্দিন থাকতেন। গত রোববার ট্রাক নিয়ে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় ফেরার পর থেকে জসীমউদ্দিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও কেউ ফোন ধরেননি।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) শেখ ওবায়দুল্লাহ বলেন, ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে কেউ গলায় ফাঁস দিয়ে হত্যা করে রেখে চলে গেছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।