যুবকের লাশ হাসপাতালে রেখে গেল র্যাব

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আজ রাতে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ রেখে গেছে র্যাব। র্যাবের দাবি, ওই ব্যক্তি গণপিটুনিতে মারা গেছেন। তবে গাজীপুর চান্দনা এলাকার একাধিক ব্যবসায়ী বলেছেন, আজ সন্ধ্যায় র্যাব সদস্যরা ওই যুবককে মারধর করে তুলে নিয়ে যান।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাব সদস্যরা ওই ব্যক্তির লাশ হাসপাতালে রেখে যান। লাশটির দুই ঊরুতে এবং ঘাড়ের বাম পাশে জখমের চিহ্ন রয়েছে। তবে জখমের চিহ্নগুলো কীসের, ময়নাতদন্তের পর জানা যাবে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদ দাবি করেন, আজ বুধবার বিকেলে র্যাব সদস্যরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তাঁরা কয়েকজন যুবককে ওই ব্যক্তিকে মারধর করতে দেখেন। এ সময় র্যাব সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাব-১ এর উপসহকারী পরিচালক (ডিএডি) অপূর্ব চক্রবর্তীর দাবি করেন, নিহত ব্যক্তি ছিনতাইকারী। র্যাব সদস্যরা খবর পেয়ে ওই লোককে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
তবে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার একাধিক ব্যবসায়ী নিরাপত্তার জন্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নিহত যুবকসহ তিন ব্যক্তি আজ সন্ধ্যা ৬টার দিকে একটি হোটেলে নাশতা করছিলেন। তাঁরা বের হওয়ার সময় সাদা পোশাকের ওপর র্যাব লেখা কটি পরা কয়েকজন লোক হোটেলে ঢুকে তাঁদের মারধর শুরু করে। এ সময় দুজন পালিয়ে গেলেও সাদা পোশাকের ব্যক্তিরা একজনকে ধরে ফেলেন। এর পর তারা ওই যুবককে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সাদা পোশাকধারীরা কাউকে ফোন করে আসতে বলেন। এর কিছুক্ষণ পরই র্যাবের একটি দল এসে গুরুতর আহত ওই যুবককে গাড়িতে তুলে নিয়ে যায়। চান্দনা চৌরাস্তা এলাকার একজন ব্যবসায়ী দাবি করেন, র্যাব সদস্যরাই ওই যুবককে মারধর করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, র্যাব সদস্যরা নিহত যুবকের লাশ হাসপাতালে রেখে যান। তবে তাঁরা এ ব্যাপারে তাঁদের কিছু জানাননি। পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।