যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, ছাত্রলীগের নেতাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুকুর থেকে কামরুল ইসলাম (২৩) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুদিন পর আজ শুক্রবার তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের স্থানীয় এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

কামরুলের বোন লাকী বেগম জানান, পেশায় বিদ্যুৎমিস্ত্রি কামরুল পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর নাসিপাড়া এলাকায় থাকতেন। গত বুধবার বেলা দুইটার দিকে মুঠোফোনে কে বা কারা কামরুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তিনি আর বাসায় ফেরেননি। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে রাতে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও এক নারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
লাকি বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এক নারীর সঙ্গে সম্পর্কের জের ধরে কামরুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনই জড়িত। এখন তাঁরা ওই দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করবেন।
দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা সূত্র জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে কামরুলের বাড়ির অদূরে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কামরুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। তবে তাঁরা এ ঘটনায় জড়িত কি না, তা এখনো স্পষ্ট নয়। নিহত ব্যক্তির পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।