যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মিজিবাড়ির দরজায় ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত নয়টার দিকে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন। গত রাত সোয়া নয়টায় ঘটনাস্থল থেকে প্রথম আলোকে তিনি বলেন, নিহত যুবকের দুই হাত বাঁধা, মুখে গামছা ঢুকানো ছিল। এ ছাড়া হাঁটুতে সামান্য কাটার দাগ দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে ফেনী-নোয়াখালী সড়ক দিয়ে যাতায়াতকারী পথচারীরা সড়কের পাশে দক্ষিণ রাজারামপুর গ্রামের মিজিবাড়ির দরজায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করেন।
পরিদর্শক জাকির হোসেন বলেন, লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথায়ও হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে গেছে।