যুবদল কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সাংসদ ও জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদলের গ্রামের বাড়িতে ককটেল নিক্ষেপের মামলায় মো. রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গত ২০ জানুয়ারি গভীর রাতে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শনদণ্ডী গ্রামে মঈন উদ্দীন খান বাদলের বাড়িতে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলের আঘাতে বাড়ির কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বোয়ালখালী থানায় বিএনপি-জামায়াতের ৩৫ কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি সাংসদের বাসায় ককটেল নিক্ষেপের মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বাড়ি সারোয়াতলী ইউনিয়নে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ককটেল নিক্ষেপের কথা স্বীকার করেছেন রুবেল। তাঁকে বোয়ালখালী
থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মো. শামসুল ইসলাম জানান, রুবেল সারোয়াতলী ইউনিয়ন যুবদলের কর্মী। এ মামলায় রুবেলসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।