যুবদল কর্মীকে গলা কেটে হত্যা
চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে দিনদুপুরে সাইদুল ইসলাম (২৪) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী মুরগি ফার্ম কাজীরপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
সাইদুল ইসলামের পরিবারের দাবি, তিনি যুবদলের একজন কর্মী ছিলেন। স্থানীয় এক যুবকের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। যুবদলের দাবি, রাজনৈতিক কারণে সাইদুলকে হত্যা করা হয়েছে।
সাইদুলের বড় ভাবি নাজমা বেগম প্রথম আলোকে বলেন, দুই যুবক সাইদুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বাসার পাশে কাজীরপুকুরপাড় এলাকায় গলায় ছুরি চালিয়ে হত্যা করে পালিয়ে যায় চার যুবক। আশপাশ থেকে লোকজন এগিয়ে আসতে চাইলে ওই চার যুবক চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে সোহেল নামের স্থানীয় এক যুবকের সঙ্গে সাইদুলের ঝগড়া হয়েছিল দাবি করে তিনি বলেন, সোহেলের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাঁরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল জানান, নিহত সাইদুল কেবল অপারেটর ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, নিজেদের মধ্যে বিরোধের জের ধরে আজ দুপুরে বাসা থেকে ডেকে নিয়ে কে বা কারা বাসার পাশেই তাঁকে গলা কেটে হত্যা করে। ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করা গেলেও কাউকে আটক করা যায়নি।
আরেফিন জুয়েল আরও বলেন, নিহত সাইদুলের বিরুদ্ধে ভাঙচুর, বিস্ফোরক আইনে নাশকতার আটটি মামলা রয়েছে। তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি পাঁচটি তদন্তাধীন।
নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি প্রথম আলোকে বলেন, নিহত সাইদুল যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক কারণে সাইদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডে যুবলীগের এক নেতা নেতৃত্ব দেন বলে তাঁরা খবর পেয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।