যুবদল কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে যুবদলের কর্মী সাদ্দাম হোসেনকে (২৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল রাতে সদর উপজেলার জাহানাবাদ গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন যুবদলের কর্মী সাদ্দাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ঘটনাস্থলে এসে সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন জানান, সাদ্দামের শরীরে ১৪টি গুলির চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।