যুবদল, ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল কামরুল ইসলামের ওপর হামলার ঘটনায় যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশের সামনেই গত বৃহস্পতিবার কামরুলের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন ডিবি পুলিশের এমন এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার নগরের কান্দিরপাড় লিবার্টি সিনেমা হল এলাকায় কনস্টেবল কামরুল সাদাপোশাকে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ছবি ধারণ করছিলেন। এ সময় তাঁকে সাংবাদিক ভেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা পিটিয়ে জখম করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ ওই দিন রাতে যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান ২৮ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান জানান, ডিবি পুলিশ মামলা করেছে। তারাই বিষয়টি তদন্ত করবে। তদন্তে বেরিয়ে আসবে কারা প্রকৃত অপরাধী।
এই মামলার অন্যতম আসামিরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
মামলার আসামী কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ বলেন, পুলিশ কনস্টেবলের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। অনেক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা ওই ঘটনা দেখেছেন। এর সঙ্গে যুবদল, ছাত্রদল ও শিবিরের কোনো নেতা-কর্মী জড়িত নন। হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।