যুবদল নেতা আফজাল হত্যাকাণ্ডের এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে আফজাল হোসেন সাত্তার ওরফে গালকাটা সাত্তার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ হাসানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে শেওড়াপাড়ার শ্বশুরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার হলো।
র‌্যাব দাবি করেছে, মাসুদের ঘনিষ্ঠ শীর্ষস্থানীয় সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন এখন কারাবন্দী। ইমনের পরিকল্পনায় মাসুদ তাঁর সহযোগীদের নিয়ে ১৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর জিগাতলার তিন মাজার মসজিদ এলাকায় আফজালকে গুলি করে হত্যা করেন। আফজাল বিএনপির সাবেক সাংসদ কারাবন্দী নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর দেহরক্ষী ও ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁও কার্যালয়ে র‌্যাব-২-এর পরিচালক এস এম মাসুদ রানা সংবাদ সম্মেলনে বলেন, আফজাল হত্যা মামলায় আসামিদের তালিকায় ২ নম্বরে মাসুদের নাম রয়েছে। জিজ্ঞাসাবাদে মাসুদ র‌্যাবকে জানিয়েছেন, ১৯৯৬ সালে তাঁর বড় ভাইকে নবাবগঞ্জে কুপিয়ে হত্যা করেন আফজালের তিন ভাই। এই ক্ষোভ থেকে মূলত সাত্তারকে খুনের পরিকল্পনা করা হয়।