যুবদল নেতা ও শিবিরের কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের নেতা মো. ইসরাফিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালীর চাটখিল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার দিবাগত রাতে ইসরাফিলকে অপহরণ করা হয়। ওই সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় পাঁচজন আহত হন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার রেহাইচরে গতকাল শিবিরের কর্মী আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন বুধবার রাতে সাড়ে ১০টার দিকে কাশিপুর এলাকায় একটি দোকানে বসে সোহাগ, মনির আহমদ, কবির হোসেনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে চা পান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে ও গুলি ছুড়ে ইসরাফিলকে অপহরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইসরাফিলের পক্ষ ও অপহরণকারী—দুই পক্ষের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সোহাগ, কবির, মনিরসহ পাঁচজন আহত হন। গুলিবিদ্ধ সোহাগকে আটক করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। বুধবার রাতে সদর হাসপাতাল থেকে সোহাগের ভাই জামাল উদ্দিনকেও আটক করা হয়। গুলিবিদ্ধ অন্য ব্যক্তিরা আটক হওয়ার ভয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।
অপহৃত ইসরাফিলের লাশ গতকাল সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াইবাজার থেকে উদ্ধার করে চাটখিল থানার পুলিশ। চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খায়ের প্রথম আলোকে জানান, লাশ দেখে মনে হয়েছে ইসরাফিলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ইসরাফিলের বাবা মুকবুল আহমদ ও চাচাতো ভাই আবদুস শহিদ জানান, সন্ত্রাসীরা ইসরাফিলকে হত্যার পর লাশ ফেলে রেখে চলে যায়। তাঁদের অভিযোগ, বিএনপির রাজনীতি করার কারণে ইসরাফিলকে হত্যা করা হয়েছে। গতকাল সকালে লোকমুখে চাটখিলে লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন তাঁরা।
বশিকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমদ জানান, ইসরাফিল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, বিপ্লব বাহিনী ও লাদেন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উভয় পক্ষের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সন্ত্রাসী সোহাগ ও তার ভাই জামালকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই জামাল হোসেন জানান, নিহত ইসরাফিলের বিরুদ্ধে কোনো মামলা নেই।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে শিবিরের কর্মী আরিফুলকে (১৭) অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আরিফুল রেহাইচর-হঠাৎপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তুজা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির পেছনের আমবাগানে আরিফুলকে কুপিয়ে হত্যা করা হয়। সে শিবিরের সক্রিয় কর্মী। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে শিবিরের কর্মীরাই তাকে হত্যা করেছে। আরিফুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আরিফুলের ভাই মো. শামীম জানান, সকালে কে বা কারা আরিফুলকে ফোন করে ডেকে নেয়। তাঁর অভিযোগ, ‘যারা ফোন করে ডেকে নিয়েছে, তারাই আরিফুলকে হত্যা করেছে বলে আমাদের সন্দেহ।’
তবে জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, সারা দেশের গুম-খুনের ধারাবাহিকতায় সরকারদলীয় সন্ত্রাসীরাই আরিফুলকে হত্যা করেছে।