যুবদল নেতা হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ
জয়পুরহাট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আফজাল হোসেন হত্যা মামলার আসামি মোহন মিয়া ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে জয়পুরহাট জেলা হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া হত্যা মামলার অপর আসামি শান্ত মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দাবি করেন, হত্যা মামলার আসামি মোহন মিয়াকে গত রোববার পৌর এলাকার মুসলিমনগর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে নিয়ে শহরের পাঁচুরচক এলাকায় অভিযানে যায়। এ সময় পাঁচুরচক মাঠে মোহনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীদের গুলিতে মোহন আহত হন। এ সময় ধাওয়া করে মামলার অপর আসামি শহরের আরাফাতনগরের কলাবাগান এলাকার শান্ত মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি শটগান ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
রোববার আফজাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মোহন ও তাঁর তিন সহযোগীকে আসামি করে রাতেই সদর থানায় মামলা করেন।