যুবদল নেতাকে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল রোববার রাতে তোফাজ্জেল ব্যাপারী (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম ও ডান চোখ উৎপাটন করেছে দুর্বৃত্তরা। তোফাজ্জেল ব্যাপারী উপজেলার ধানীসাফা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জেল ব্যাপারী ব্যবসার কাজে গতকাল বিকেলে উপজেলার ঝাউতলা বাজারে যান। সন্ধ্যা সাতটার দিকে তিনি ঝাউতলা বাজারের একটি চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ফোন পেয়ে তিনি উঠে চলে যান। কিছুক্ষণ পর রাজীব নামের এক ব্যক্তি বাজারের পাশে বালুর মাঠে গোঙানি শুনে সেখানে গিয়ে দেখেন তোফাজ্জেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর মাথা ও শরীরে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে এবং ডান চোখ চাকু দিয়ে উপড়ে ফেলা হয়েছে। বাঁ চোখেও আঘাত রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তোফাজ্জেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁকে খুলনা নেওয়া হচ্ছিল।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘তোফাজ্জেলের ওপর হামলা ও চোখ উৎপাটনের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, ‘আমি ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’