যুবদল নেতাকে কুপিয়ে ও তরুণকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফরকে (৪২) গত শনিবার সন্ধ্যার দিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার পাবনার আটঘরিয়ায় বিশাল খান (২৬) নামের এক তরুণকে গুলি করে হত্যা করা হয়।
নিহত আবু জাফর উপজেলার তামিনগর গ্রামের মৃত মাহাতাব উদ্দিন শেখের ছেলে। জাফরের চাচাতো ভাই মনজুর আহম্মদ বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে পাশের রয়েড়া বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাফর। পথে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কাছে ওত পেতে থাকা সাত-আটজন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
জাফর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব। তিনি বলেন, রাজনৈতিক কারণে আবু জাফরকে হত্যা করা হয়েছে।
থানার ওসি এম এ হাশেম খান বলেন, এ ঘটনায় রিপন নামের একজনকে আটক করা হয়েছে।
এদিকে পাবনার আটঘরিয়ার ভরতপুর গ্রামে বিশাল খান হত্যার ঘটনায় নয়জনকে আটক ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন খুলনার দৌলতপুরের বজলুর রহমান (৩১), পটুয়াখালীর বাউফলের রুহুল আমিন (২৯), চট্টগ্রামের জোরারগঞ্জের নাছির উদ্দিন (৪০), পাবনার ঈশ্বরদীর হাসেম আলী (৩২), হাসু প্রামাণিক (৩০), আয়নুল হোসেন (৩৫), শফিকুল ইসলাম (৩২), নাটোরের বড়াইগ্রামের আজাদ হোসেন (২৮) ও আসলাম হোসেন (৪৭)। আটক ব্যক্তিরা বলেন, বিশাল পীরতত্ত্ব নিয়ে সাধনা করতেন। তাঁরা সবাই তাঁর শিষ্য। গতকাল ভোরে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দুটি গুলির শব্দ হয়। সবার ঘুম ভেঙে যায়। এরপর তাঁরা বিশালকে রক্তাক্ত অবস্থা দেখতে পান। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
গ্রামের পাঁচ-ছয়জন বাসিন্দা বলেন, বিশালের মা-বাবা বেঁচে নেই। তাঁর দাদা সেকেন্দার আলী এক পীরের সাধনা করতেন। তিনি এখন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নন্দনপুর গ্রামে থাকেন। বংশধর হিসেবে ভরতপুর গ্রামে দাদার বাড়িতে থেকে পীরতত্ত্ব নিয়ে সাধনা করতেন বিশাল। বিভিন্ন জেলা থেকে তাঁর কাছে ভক্তরা আসতেন।
থানার ওসি এস এম ফারুক হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একটি পিস্তল পাওয়া গেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা উপজেলার