যুবদল নেতাকে গলা কেটে হত্যা
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৎস্য চাষি মিন্টু বিশ্বাসকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা তিনটার দিকে ওই ইউনিয়নের সুবর্ণস্বারা ও লুচিয়া গ্রামের মাঠের মাঝে মিন্টুর পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।
মিন্টু সুবর্ণস্বারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মিন্টু বিশ্বাস রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি মাছের চাষ করতেন। সুবর্ণস্বারা ও লুচিয়া গ্রামের মাঝে মাঠের মধ্যে তার একটি পুকুর আছে। সারাক্ষণ ওই পুকুর নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। অন্যান্য দিনের মতো শনিবার তিনি পুকুরে মাছের খাবার ছিটানোর কাজ করছিলেন। প্রতিদিনই সঙ্গে কেউ না কেউ থাকে। তবে আজ কেউ ছিলেন না। দুপুর দুইটার দিকে ৫/৬ দুর্বৃত্ত ওই পুকুর পাড়ে গিয়ে মিন্টুকে গলা কেটে হত্যা করে। পরে কিছু দূরে থাকা লোকজন পুকুর পাড়ে গিয়ে মিন্টুকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, এই হত্যার সঙ্গে কারা জড়িত তা খুঁজে দেখা হচ্ছে।