যুবদল নেতাকে গুলি, বিএনপি নেতাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক যুবদল নেতা। একই সময়ে ইউনিয়ন বিএনপির এক নেতাকে মারধর করে দুর্বৃত্তরা। গত বুধবার উপজেলার হাপানিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চিতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (২৮) ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আইনাল হক (৫০)। মতিয়ার ও তাঁর পরিবারের দাবি, স্থানীয় যুবলীগ কর্মী মন্টু ও তাঁর অনুসারীরা ওই হামলা চালিয়েছেন। যোগাযোগের চেষ্টা করেও মন্টুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
হামলায় আহত ব্যক্তি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩ জুলাই হাপানিয়া ও পাশের আইন্দিপুর গ্রামে দুটি শ্যালো ইঞ্জিনের যন্ত্রাংশ চুরি হয়। ওই ঘটনায় গ্রামের ছয়জনকে চোর হিসেবে শনাক্ত করা হয়। চিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান সম্প্রতি সালিসে বিষয়টির নিষ্পত্তি করেন। কিন্তু ওই সালিস নিয়ে গত কয়েক দিন ধরে গ্রামে চরম উত্তেজনা চলছিল। এ ছাড়া গ্রামের বাসিন্দাদের এক অংশ নতুন করে সালিসের জন্য চাপ দিচ্ছিল। গত বুধবার রাতে হাপানিয়া গ্রামের আইনাল হক দক্ষিণপাড়ার হাফিজুলের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক সেখানে পৌঁছায় এবং সালিসের বিষয়ে আইনালের কাছে কৈফিয়ত চায়। একপর্যায়ে তর্ক শুরু হলে মোটরসাইকেল আরোহীরা আইনালকে বেধড়ক মারধর করে। এ সময় যুবদল নেতা মতিয়ার প্রতিবাদ করলে তাঁর ডান পায়ে গুলি করে সন্ত্রাসীরা।
আহত ব্যক্তিদের ওই রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় মতিয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ এ ব্যাপারে বলেন, ওই ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।