যুবদল নেতার বাসায় ছাত্রলীগের হামলা?
বরিশাল জেলা যুবদলের সভাপতি পারভেজ আকনের বাসায় ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কাউনিয়া প্রধান সড়কের বাসায় এ হামলা চালানো হয়।
যুবদলের সভাপতি পারভেজ আকন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত সোমবার রাতে ঢাকা থেকে লঞ্চযোগে তিনি বরিশালে ফিরছিলেন। রাত সাড়ে ১১টার সময় বরিশালের বাসা তাঁকে থেকে জানানো হয়, মোটরসাইকেলের বহর নিয়ে দুর্বৃত্তরা বাড়ির সামনে এসে গালাগাল শুরু করে। একপর্যায়ে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দরজা-জানালার কাচ ভাঙচুর করে। তাদের তাণ্ডবে পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি বলেন, ছাত্রলীগের কর্মীরাই তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘জাতীয় শোক দিবসের কর্মসূচি নিয়ে ১৪ আগস্ট নেতা-কর্মীরা ব্যস্ত ছিলেন। যুবদলের নেতার বাসায় কারা হামলা চালিয়েছে, তা আমাদের জানা নেই। ছাত্রলীগ কোনো হামলার ঘটনায় সম্পৃক্ত নয়। অহেতুক ছাত্রলীগকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।’