যুবদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে ওয়ার্ড যুবদলের নেতা ইমরান হোসেন ওরফে মাসুদের বিরুদ্ধে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেন। গতকাল রাত পর্যন্ত পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করতে পারেনি।
বসুরহাট পৌরসভার কাউন্সিলর সোহাগ হাজারী প্রথম আলোকে বলেন, গত ১০ জুলাই রাতে ওই তরুণীর মা–বাবা ও পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে যুবদল নেতা ইমরান হোসেন বাড়িতে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। পরদিন সকালে তরুণীর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে তরুণী ঘটনাটি তাঁদের জানান। এরপর পরিবারের পক্ষ থেকে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়।
সোহাগ হাজারী আরও বলেন, তরুণীর কাছ থেকে ঘটনা জানার পর ইমরানকে ডেকে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি দোষ স্বীকার করেন। এ সময় তরুণীকে বিয়ে করার কথা বললে সে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানোর কথা বলে। কিন্তু এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। পরে বাধ্য হয়ে তরুণীর পরিবার এ ঘটনায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। রোববার ওই তরুণী থানায় গিয়ে বাদী হয়ে মামলা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী মামলার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ইমরান হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
বসুরহাট পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইমরান হোসেন যুবদলের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনেছেন। এ বিষয়ে ইমরানের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।