যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগের জগন্নাথ সাহা রোডের একটি বাসা থেকে ককটেল, বিস্ফোরক ও বোমার উপকরণ উদ্ধারের ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালবাগ থানার পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর শরফত আলী, তাঁর ছোট ভাই যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী ও তাঁদের বড় ভাই লালবাগ এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মীর আশরাফ আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং লালবাগ থানা ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বোমা প্রস্তুত করে নিজ হেফাজতে রেখে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব বিপন্ন ও জনগণের জানমাল বিপন্ন করার ষড়যন্ত্র করছেন।
গত মঙ্গলবার গভীর রাতে পুরান ঢাকার লালবাগের জগন্নাথ সাহা রোডে মীর নেওয়াজ আলীর বাড়ির তৃতীয় তলা থেকে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কথা জানায় পুলিশ। তবে ওই বাড়িতে মীর নেওয়াজ থাকেন না।
গতকাল মীর নেওয়াজ আলীর স্ত্রী কানিজ ফাতেমা এক বিবৃতিতে বলেন, যে বাড়ি থেকে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়, সেটি বাড়ির দারোয়ান ও ভাড়াটে দিয়ে পরিচালিত হচ্ছে। সেখানে মীর নেওয়াজ সপরিবারে থাকেন না। একটি গোষ্ঠী তাঁর স্বামীকে রাজনৈতিক বা সামাজিকভাবে হেয় করতে এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। সত্য উদ্ঘাটন করে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানান তিনি।