যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১১
কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালীয়াপাড়া গ্রামে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অধর্শতাধিক নেতা-কর্মীকে গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়া থেকে আটকের ঘটনার প্রতিবাদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেবর আলমের নেতৃত্বে দুপুরে একটি মিছিল বের হয়। মিছিলটি কায়ুকখালীয়াপাড়া ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের বাড়ির সামনে পৌঁছালে অপর পক্ষের সদ্যঘোষিত উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান ছিদ্দিকীর নেতৃত্বে মিছিলে বাধা দেওয়া হয়। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা (২৭), সাংগঠনিক সম্পাদক শাহ আলম (২৫), পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ (৩১), মাসুদ আলম (২৫), মোহাম্মদ রফিক (৩২), মো. তাহের (৩২), কামাল হোসেন (৩৫), আবদুল নবী (৪২) ও আবদুর রহমানসহ (১৭) অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে টেকনাফ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে যান।
সদ্যঘোষিত উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান ছিদ্দিকী এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে বলেন, ‘আমরা পৌর বিএনপির সভাপতির বাড়িতে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠন একটি সমাবেশ করেছি।’
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেবর আলম বলেন, উপজেলা যুবদলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অধর্শতাধিক নেতা-কর্মীকে আটক করার প্রতিবাদে মিছিল করার সময় হাসান সিদ্দিকীর পক্ষ বাধা দিতে চাইলে পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি।