যুবদলের নেতা খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় যুবদলের নেতা মিন্টু পাটোয়ারীর খুনের ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। মিন্টুর স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। মিন্টু উপজেলার বুইকরা গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।
মিন্টুর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারের গরুহাটা এলাকায় জমি বিক্রি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মিন্টু পাটোয়ারীর বড় ভাই রুহুল আমিনের ছেলে আশিক পাটোয়ারী, তাঁর (রুহুল) শ্যালক রেজা শেখসহ ছয়-সাতজন সন্ত্রাসী মিন্টুকে দা ও হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মিন্টুর স্ত্রী তহমিনা গতকাল আশিক পাটোয়ারীকে প্রধান আসামি করে নয়জনের নামে থানায় মামলা করেন।
এদিকে গতকাল যশোর সদর হাসপাতালে মিন্টুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর বেলা দুইটায় গরুহাটা মসজিদ মাঠে জানাজা শেষে বুইকরা সরকারি গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
তহমিনা বলেন, ‘তাঁর স্বামী রুহুল আমিনের জমি কিনেছেন। ওই জমির টাকা দেওয়া নিয়ে তাঁর স্বামীর সঙ্গে রুহুল আমিন ও তাঁর ছেলে আশিক পাটোয়ারীর মধ্যে গত বৃহস্পতিবার দুই দফা বাগ্বিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় আশিক, রেজাসহ ছয়-সাতজন সন্ত্রাসী আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে।’
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম মোল্যা বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।