যুবদলের নেতাকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলা যুবদলের সভাপতি রাফিউল ইসলামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার শহরের সাবগ্রাম এলাকায় রাফিউলের শ্বশুরবাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে পুলিশের দাবি, দলীয় কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাফিউল গতকাল বেলা দেড়টার দিকে সাবগ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা বাসায় ঢুকে রাফিউলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাফিউল শহরের মালতিনগর বসাকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।
শজিমেক হাসপাতালের শল্য বিভাগের রেজিস্ট্রার শফিক আমিন প্রথম আলোকে জানান, রাফিউল ইসলামের পেটের তিনটি জায়গায়, বুকের নিচে এবং বাঁ-বাহুতে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। বিকেলেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এখনো তিনি শঙ্কামুক্ত নন।
তবে পুলিশের দাবি, দলীয় কোন্দলের জের ধরেই প্রতিপক্ষের লোকজন রাফিউলের ওপর হামলা করে পালিয়ে গেছে। কিন্তু রাফিউলের পরিবারের সদস্য বা দলের দায়িত্বশীল কোনো নেতা এ ব্যাপারে তাদের (পুলিশের) কাছে কোনো কথা বলছেন না।
এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, শ্বশুরবাড়ির ভেতরেই রাফিউল আক্রান্ত হয়েছেন, এটা সত্যি। তবে দলীয় কোন্দলে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে, এমনটা কেউ বলেননি। তাঁর খোঁজ নিতে হাসপাতালে গেলেও পরিবারের কেউ এ বিষয়ে কিছু জানাননি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে জানান, দলীয় কোন্দলেই রাফিউলের ওপর এ হামলা হয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে। তবে এখন পর্যন্ত পুলিশকে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।