যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা, ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। তবে পুলিশি বাধা অতিক্রম করে যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও সব মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা যুবদলের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিলটি ফরিদপুর মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর এলাকার দিকে যাওয়ার পথে রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
পরে স্বাধীনতা চত্বরে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া।
বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সরকার পতন ঘটানো হবে।
জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। কিন্তু পুলিশ ব্যানার কেড়ে নেয়, লাঠিপেটা করে ও আমাকে স্বাধীনতা চত্বরের মঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।’