যুবদলের শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় গতকাল বৃহস্পতিবার পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে যুবদলের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়াম থেকে মহানগর যুবদলের কয়েক শ নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করেন। ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, মহানগর যুবদলের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারসহ পাঁচজন সামান্য আহত হন।
এর আগে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়াম এলাকায় মাকসুদুল আলম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, নগর বিএনপির উপদেষ্টা আবদুল মজিদ ও সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ প্রমুখ।
তৈমুর আলম খন্দকার বলেন, দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মনে রাখা দরকার, এ সরকারই শেষ সরকার নয়। সরকার বাক্স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই বাকশাল কায়েম করছে।
মাকসুদুল আলম খন্দকার বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ লাঠিপেটা করে। এতে তৈমুর আলম খন্দকার, তিনি নিজেসহ পাঁচজন আহত হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।