যুবলীগ ও আ.লীগের নেতা-কর্মীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলায় যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলা থেকে গাড়িবহর নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার সময় ছাচিয়াদহ বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দুই ভাই নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই হামলার ঘটনায় গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে যুবলীগের তেরখাদা উপজেলা শাখার একাংশ। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তেরখাদা যুবলীগের একাংশের সভাপতি এফ এম মফিজুর রহমান। তিনি বলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের কয়েক হাজার নেতা-কর্মী ২০-২৫টি গাড়ি ও শতাধিক মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধুর মাজারের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার ছাচিয়াদহ বাজারের কাছে উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাসের দুই ভাই সমীর বিশ্বাস ও জমির বিশ্বাসের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা করে। ওই সময় হামলাকারীরা খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজার পক্ষে স্লোগান দিতে থাকে। তারা ২০ থেকে ২৫টি গুলিও ছোড়ে। পরে স্থানীয় ও গাড়িবহরে থাকা লোকজনের প্রতিরোধে হামলাকারীরা পিছু হটে।
ওই গাড়িবহরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, উপপ্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতা-কর্মী ছিলেন। সংবাদ সম্মেলন থেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, হামলায় কেউ আহত হয়নি। এ ব্যাপারে মামলাও করা হয়নি, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মৌখিকভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যানের ভাই বি এম সমীর বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বুলবুলের ভাইয়ের ছেলে ওই গাড়িবহরে যাওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু বুলবুল তাতে বাধা দেন। এ খবর মোস্তাফিজুর রহমানসহ অন্যদের কাছে পৌঁছালে তাঁরা গাড়ি নিয়ে ছাচিয়াদহ বাজারে এসেই ওই বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করেন। পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁদের ধাওয়া করেন। সেখানে কোনো গুলি বা ওই গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটেনি।