প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির মামলায় বগুড়ার কাহালুতে যুবলীগ ও কৃষক লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কাহালু বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর কৃষক লীগের আহ্বায়ক সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মনতাজুর রহমান, যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন, যুবলীগ কর্মী ইসমাইল হোসেন ও আবদুল হাকিম।
কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা করা হয়েছে। তবে বাদীর নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে মামলাটির তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।
বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) গাজিউর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে চাঁদাবাজির সত্যতা পাওয়ায় আসামিদের গ্রেপ্তার করেছে।