যুবলীগ ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শামীম রেজা ও একই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ারুল হক এক হয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বালু উত্তোলনের ফলে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং জনবসতি, আবাদি জমি ভাঙনের হুমকিতে পড়েছে।
গত বুধবার এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালের প্রথম দিকে ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের যমুনা নদীর ভাঙনরোধের জন্য ডান তীর সংরক্ষণের কাজ শেষ করা হয়। বগুড়া পানি উন্নয়ন বোর্ড প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে ৩ কিলোমিটার এলাকাজুড়ে এ কাজ করছে। এ অবস্থায় ভুতবাড়ি গ্রামের কাছে প্রকল্প এলাকায় শামীম রেজা ও আনোয়ারুল ছয় দিন ধরে যন্ত্রচালিত ড্রেজার মেশিন ও ভলগেট দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এতে বর্ষার সময় নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ভাঙনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীর তীরে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধের ভেতরে রয়েছে স্থানীয় লোকজনের বাড়িঘর ও আবাদি জমি। সেখানকার স্থানীয় ১০-১২ জন বাসিন্দা বলেন, নদীর পানি বর্তমানে কম আছে। এ কারণে ক্ষতির পরিমাণ বোঝা যাবে না। কিন্তু বর্ষা মৌসুমে নদীর পানি বাড়ার সঙ্গে প্রবল স্রোতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করবে। তখন নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও বাঁধ ভেঙে বাড়িঘর, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
ভুতবাড়ি গ্রামের আবদুল মজিদ বলেন, ‘শামীম রেজা দলীয় ক্ষমতা দেখিয়ে তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় যমুনা নদী থেকে বালু তুলছেন। এতে নদীভাঙনের কবলের পড়ে আমাইগরে বাড়িঘর বসতভিটা হাইরা যাইব। তার সঙ্গে এবার যোগ দিছে ছাত্রদলের এক বড় নেতা। তাই তাগরে সঙ্গে কথা কওনের কে আছে। তারা ইচ্ছামতো বালু তুইলা বেইছা খাইছে।’
নাম প্রকাশ না করা শর্তে ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ১০-১২ জন নেতা-কর্মী বলেন, ‘এই বালু উত্তোলনে দলের বড় এক নেতার হাত রয়েছে বলেই যুবলীগ নেতার সঙ্গে ছাত্রদল নেতা যোগ দিয়েছেন। সেই নেতার সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা বালু উত্তোলনের বিপক্ষে কথা বলতে গেলে আমাদের পদ-পদবি থাকবে না। নদীতে ভাঙন ধরলে সেই নেতার কোনো ক্ষতি হবে না। যত ক্ষতি সব আমাদের।’
জানতে চাইলে শামীম রেজা বলেন, সরকারদলীয় নেতা-কর্মী ও প্রশাসনকে ম্যানেজ করেই যমুনা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকা হিসেবে ছাত্রদলের সভাপতিকে শেয়ার নেওয়া হয়েছে। বালু উত্তোলনে নদীভাঙনের কোনো আশঙ্কা নেই। আওয়ামী লীগের নেতাদের অংশ দেওয়া হয়নি। তাই তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
আনোয়ারুল বলেন, ‘যমুনা নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে আমার কোনো শেয়ার নাই। বালু উত্তোলনের যন্ত্রপাতি ড্রেজার মেশিন ও ভলগেটগুলো আমার মাধ্যমে ভাড়া করা হয়েছে। এ কারণে বালু বিক্রির টাকার মধ্যে আমার একটি অংশ আছে।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, যমুনা নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই। এ কারণে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিকভাবে কাজ করছে। খোঁজ নিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।