যুবলীগ ও ছাত্রলীগকে থামাতে পুলিশের ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় গতকাল দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষ। এ সময় তারা রামদা, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় l ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় গতকাল দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষ। এ সময় তারা রামদা, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় l ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের সিরঅারবি এলাকায় আবারও যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এক পক্ষের নেতা-কর্মীরা অন্য পক্ষকে ধাওয়া দেন। পরে পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কাউকে আটক করা হয়নি।
যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং ছাত্রলীগের নেতা সাইফুল আলম ওরফে লিমনের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এর আগে ২০১৩ সালের ২৪ জুন পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তর সিআরবি এলাকায় এই দুই নেতার অনুসারীদের মধ্যে মধ্যে সংঘর্ষে গুলিতে এক শিশুসহ দুজন নিহত হয়। এ ঘটনায় এখনো অিভযোগপত্র দেয়নি পুলিশ।
পূর্বাঞ্চল রেলওয়ের দরপত্র নিয়ন্ত্রণ নিয়ে ওই সংঘর্ষের পর দুজনকে গ্রেপ্তার এবং সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পরে দুজনই জামিনে বেরিয়ে আসেন। বাবর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লিমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বাবরের কিছু অনুসারী সিআরবির অদূরে পলোগ্রাউন্ড এলাকায় জড়ো হয়ে লিমনের অনুসারীদের খুঁজছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে লিমনের অনুসারীরা সংঘবদ্ধ হতে থাকেন। একপর্যায়ে বাবরের অনুসারীরা সিআরবি এলাকায় যান এবং মিছিল করেন। বেলা দেড়টার দিকে তাঁরা সিআরবির সাতরাস্তার মোড়ে জড়ো হলে লিমনের অনুসারীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় দুটি গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর দা-কিরিচসহ ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নেয় এবং চারটি ফাঁকা গুলি ছোড়ে। এতে দুই পক্ষ সরে যায়। ঘটনাস্থলে বাবরকে দেখা না গেলেও লিমনকে দেখা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পক্ষের জটলা থেকে গুলির শব্দ শোনা গেছে। পরে পুলিশ চারটি ফাঁকা গুলি করে দুই পক্ষকেই সরিয়ে দেয়। এক পক্ষ গোয়ালপাড়া এবং অন্য পক্ষ কদমতলী সড়কের দিকে দৌড়ে চলে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

জানতে চাইলে বাবর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। সিআরবি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য তিনি ছাত্রলীগের সাবেক নেতা লিমনকে দায়ী করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে লিমন প্রথম আলোকে বলেন, ‘বাবর ভাই নন্দনকাননের বাসিন্দা হয়েও পলোগ্রাউন্ড এলাকায় তার অনুসারীদের পাঠিয়ে উত্তেজনা তৈরি করেছেন। তাঁর ছেলেরা আমাদের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। এরপর সিআরবি এলাকায় আমাদের ছেলেদের ওপর হামলা চালায়।’