যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

একই এলাকা থেকে নিখোঁজ হওয়া আওয়ামী লীগ ও যুবদলের অপর দুই নেতার এখনো সন্ধান পাওয়া যায়নি

নিখোঁজ হওয়ার ১০ দিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফিরেছেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সহসভাপতি মনোয়ারুল হাসান ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম। তবে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া আওয়ামী লীগ ও যুবদলের অপর দুই নেতার এখনো সন্ধান পাওয়া যায়নি।

বাড়িতে ফিরে গতকাল সকালে মনোয়ারুল হাসান বলেন, ‘তুলে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের দুজনকে একটি ঘরে রাখা হয়। খাওয়াদাওয়া দেওয়া হয়। তবে কোন স্থানে ছিলাম, কারা তুলে নিয়ে গেছে, তা বুঝতে পারিনি। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে আমাদের দুজনকে একটি মাইক্রোবাস থেকে মহাসড়কের পাশে নামিয়ে দিয়ে বলা হয়, পেছনের দিকে তাকাবি না, তাকালে সমস্যা হবে। ওইখানে তোদের মোটরসাইকেল আছে, সোজা বাড়ি চলে যাবি। পরে মোটরসাইকেলে যাত্রা শুরু করি। কিছুদূর এসে আমরা নীলফামারীর সৈয়দপুর শহরে পৌঁছাই। সেখান থেকে আমরা দুজনে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আজ ভোরে সাদুল্যাপুরে পৌঁছাই। তবে কারা নামিয়ে দিয়েছে, সেটা বলতে পারব না।’

সাদেকুল ইসলাম বলেন, ‘আপনারা কারা, কেন আমাদের তুলে নিয়ে এসেছেন, আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু তাঁরা কোনো উত্তর দেননি।’

৯ জানুয়ারি রাত ১১টার দিকে মনোয়ারুল হাসান ও সাদেকুল ইসলাম মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে নলডাঙ্গা যাওয়ার পথে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তাঁদের তুলে নিয়ে যান। এ নিয়ে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ হওয়া ব্যক্তিদের দুই পরিবার। তাঁদের খুঁজে বের করার দাবিতে এলাকায় সভা-সমাবেশ, মানববন্ধন ও হরতাল-অবরোধ কর্মসূচি পালিত হয়।

এদিকে ৯ ও ১০ জানুয়ারি সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদুল্যাপুর থেকে মোট চারজনকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে গতকাল দুজন বাড়ি ফিরলেও অপর দুজন এখনো নিখোঁজ। তাঁরা হলেন উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক শফিউল ইসলাম। ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থেকে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘কীভাবে ফিরে এসেছে, এ বিষয়ে কিছু জানি না। তবে অপর দুজন নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে।’

১২ জানুয়ারি প্রথম আলোতে ‘গাইবান্ধায় আওয়ামী লীগের তিন ও যুবদলের এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।