মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের মধ্যে গত বুধবার রাতে এবং গতকাল বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
পুলিশ জানায়, বারদী বাজারে গত বুধবার রাতে মাদক বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু দাইয়ান ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইবু মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর গতকাল সকালে বারদী বাজারে দুই পক্ষ রামদা, চায়নিজ কুড়াল, ছুরি ও ইটপাটকেল নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষ চলার সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান। সংঘর্ষে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আবু দাইয়ান অভিযোগ করেন, ‘ইবু মিয়া এলাকায় মাদক বিক্রি করেন। আমি বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা চালিয়েছে।’
ইবু মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, ‘পুরো এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেন আবু দাইয়ান। তাঁর কাছে পাওনা টাকা চাওয়ায় তিনি আমাদের ওপর হামলা চালিয়েছেন।’
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, আবু দাইয়ান ও ইবু মিয়া দুজনই মাদকসেবী। তাঁদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।