যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কড়ইতলা এলাকায় গতকাল সোমবার সন্ত্রাসীদের গুলিতে জাহেদুল ইসলাম (২৫) নামের যুবলীগের এক কর্মী আহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা ছাত্রলীগের কর্মী জুয়েল ও আজিমকে পিটিয়ে আহত করে।

ছাত্রলীগের আহত কর্মী জুয়েল বলেন, সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় দলের একটি বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তিনি এবং যুবলীগের কর্মী জাহেদুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী আজিম সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। ইউনিয়নের কড়ইতলা এলাকায় সন্ত্রাসীরা অটোরিকশার গতি রোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ও আজিমকে মারধর করে। একপর্যায়ে দুর্বৃত্তদের গুলিতে জাহেদুল আহত হন। পরে স্থানীয় লোকজন জাহেদুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আবদুর রহমান খালেদ জানান, জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, কারা জাহেদুলকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।