যুবলীগ কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ২
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী লিটন পণ্ডিত (৩০) নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মঠবাড়িয়া পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের ছোট ভাই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাফিজ উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের সমর্থক নাসির জমাদ্দার।
এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পৌর শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় পৌর মেয়রের বাসভবনে তল্লাশি চালায়। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, নাফিজ উদ্দিন আহমেদ মামলার এজাহারভুক্ত আসামি ও নাসির জমাদ্দারকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় যুবলীগ কর্মী লিটন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় রাতে নিহত ব্যক্তির বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে মঠবাড়িয়া পৌর মেয়র রফিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়েছে।