যুবলীগ কর্মী হত্যা মামলায় অমিত রিমান্ডে
যুবলীগের কর্মী হত্যা মামলায় অমিত মুহুরী নামের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৩ আগস্ট চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকার রানীর দীঘিতে গোসল করার সময় এক ব্যক্তি ড্রাম শনাক্ত করেন। পরে পুলিশ ড্রাম কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। এ ঘটনার তদন্ত করতে গিয়ে গত ৩১ আগস্ট ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে বলেন, ড্রামের ভেতরে পাওয়া লাশটি অমিতের বন্ধু ইমরানুল করিমের। ৯ আগস্ট নগরের নন্দনকানন হরিশ দত্ত লেনের বাসায় ইমরানুলকে ডেকে নেন অমিত। বাসার ভেতরেই তাঁকে হত্যা করা হয়। ২ সেপ্টেম্বর কুমিল্লা সদরে একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্র থেকে অমিত গ্রেপ্তার হন। পরদিন তিনি আদালতে জবানবন্দি দেন। এতে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করায় বন্ধু ইমরানুলকে খুন করা হয় বলে জানান। তবে তিনি নিজেকে আড়ালে রেখে সব দোষ ইমামের ওপর চাপিয়ে দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, অমিতকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে অমিতকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, অমিত আদালতে জবানবন্দি দিলেও বেশ কিছু তথ্য এড়িয়ে গেছেন। এ ছাড়া ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত এখনো উদ্ধার করা যায়নি। এ জন্য অমিতের রিমান্ড আবেদন করা হয়েছে। কয়েক দিনের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে আনা হতে পারে।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, এই মামলায় গ্রেপ্তার ইমাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্যও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে এখনো শুনানির তারিখ পড়েনি। রিমান্ড মঞ্জুর হওয়ার পর অমিত ও ইমামকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে।