যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর জপসা গ্রামে যুবলীগ কর্মী জাকির হাওলাদারকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঝালকাঠির কাঠালিয়ায় তাছলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছেন তাঁর স্বামী। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ইসমাইল হোসেন ওরফে লিপু (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: নড়িয়া থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলার জপসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান শওকত বয়াতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার মাতবরের মধ্যে বিরোধ রয়েছে। যুবলীগ কর্মী জাকির হাওলাদার আনোয়ার মাতবরের সমর্থক। বুধবার রাত ১১টার দিকে সন্ত্রাসীরা জাকির তালুকদারের বাড়িতে বোমা ছোড়ে। জাকির হাওলাদার ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা বাড়ির উঠানে তাঁকে কুপিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই গ্রামের ফজল হাওলাদারের ছেলে এবং জপসা ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।
জাকির হাওলাদারের স্ত্রী লতা বেগম বলেন, ‘আমার স্বামী নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কারও সঙ্গে কোনো ঝগড়ায় জড়াতেন না। সন্ত্রাসীরা কেন তাঁকে মেরে ফেলল? আমি এখন দুটি শিশুসন্তান নিয়ে কোথায় যাব?’
আনোয়ার মাতবর বলেন, ‘নির্বাচনের পর থেকে শওকত বয়াতি এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য তাঁর সমর্থকেরা আমার কর্মী জাকিরকে হত্যা করেছে।’
শওকত বয়াতি বলেন, ‘আমি নির্বাচনের পর থেকে ঢাকায় অবস্থান করছি। অনেক দিন যাবৎ এলাকায় যাইনি। আমার কোনো কর্মী এ হত্যাকাণ্ডে জড়িত নয়। জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে ছেলেটি খুন হয়েছে। একটি পক্ষ আমার নামে বদনাম দেওয়ার জন্য এলাকায় অপপ্রচার চালাচ্ছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
পিরোজপুর: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে আবদুল জব্বার হাওলাদারের সঙ্গে এক বছর আগে একই গ্রামের মৃত ইউসুফ মোল্লার মেয়ে তাছলিমা বেগমের বিয়ে হয়। তাছলিমা বেগম জব্বারের চতুর্থ স্ত্রী ছিলেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে জব্বার তাছলিমাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি লাশ ঘরে রেখে চলে যান। পরদিন বুধবার দুপুরে জব্বার বাড়িতে এসে প্রতিবেশীদের জানান তাঁর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জব্বার তাছলিমাকে হত্যার কথা স্বীকার করেন।
কাঠালিয়া থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বোন সালমা বেগম বাদী হয়ে জব্বার হাওলাদারের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আবদুল জব্বার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারকের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ইসমাইল হোসেন ওরফে লিপু (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি পৌরসভার মসজিদপাড়ার হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, ইসমাইল হোসেন ছোটবেলা থেকেই নানা মোবারক হোসেনের গোয়ালন্দ শহরের আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তিনি ঢাকার কেরানীগঞ্জের একটি পাঞ্জাবির দোকানে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি আসার পর আর ঢাকায় যাননি। অন্যান্য দিনের মতো বুধবার রাতে নানার সঙ্গে খাওয়া-দাওয়া শেষ ঘরে ঘুমাতে যান। গতকাল ভোর ছয়টার দিকে নানা ঘুম থেকে উঠে দেখেন ইসমাইলের ঘরে বৈদ্যুতিক বাতি জ্বলছে। বাইরে থেকে বাতি নেভানোর জন্য তাঁকে ডাকাডাকি করেন নানা। কোনো সাড়া না পাওয়ায় তিনি দরজার পাশে উঁকি দিয়ে দেখেন ইসমাইল ঘরের আড়ার সঙ্গে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে ঝুলে আছেন। পরে তিনি থানায় খবর দেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, মনে হচ্ছে ইসমাইল নেশা করতেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।