যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রিয়াজ উদ্দিন (২৭) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে গতকাল বুধবার সকালে হামলার শিকার হন তিনি। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রিয়াজ সেকু মার্কেটের একটি দোকানে বসে চা খাওয়ার সময় ১৫-১৬ জনের এক দল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, নিহত রিয়াজ উদ্দিন সোনাদিয়া গ্রামের কোরবান আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে হামলা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১২টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে হামলা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করা হয়নি।

 উপজেলা যুবলীগের সভাপতি মিরাজ উদ্দিনের দাবি, নিহত রিয়াজ উদ্দিন যুবলীগের সমর্থক।