যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোর শহরতলির শেখহাটি বাবলাতলা এলাকায় আবদুল্লাহ আল মামুন (৩২) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মী মো. আরিফ হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। পৌর ছাত্রলীগের সদস্য আরিফকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত পৌনে আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আবদুল্লাহ আল মামুনের বাড়ি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল সড়কে। শহরের জেস টাওয়ারে ভাইয়ের মালিকানাধীন মোবাইলের শো-রুমের ব্যবসা তিনি দেখাশোনা করতেন। আহত আরিফ হোসেন ঘোপ বাবলাতলা এলাকার বজলু খলিফার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মামুন ও আরিফ সন্ধ্যায় শেখহাটি বাবলাতলা জোড়া পুকুর এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁদের ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আনার পর চিকিৎসকেরা মামুনকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘মেয়েলি একটি ঘটনায় স্থানীয় একটি দলের সঙ্গে যুবলীগের কর্মী আবদুল্লাহ আল মামুনের দ্বন্দ্ব ছিল। মামুন ও আরিফ হোসেন স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন, কয়েকজন সেখানে গিয়ে তাঁদের কুপিয়ে জখম করে। এতে মামুনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হবে।’

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল সাংবাদিকদের বলেন, আবদুল্লাহ আল মামুন যুবলীগের কর্মী। আহত আরিফ পৌর ছাত্রলীগের কর্মী। হামলাকারী যে-ই হোক, তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।