যুবলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে পুলিশের বিরুদ্ধে আবদুল করিম (৪০) নামের যুবলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে আটক করে পরদিন বিকেল পর্যন্ত থানায় আটকে নির্যাতন করে। থানা থেকে ছাড়া পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ঘটনা জানাজানি হয়।
আবদুল করিমের বাড়ি উপজেলার খুবজীপুর গ্রামে। তিনি খুবজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলামের ছোট ভাই। করিম ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
হাসপাতালে চিকিৎসাধীন করিম অভিযোগ করেন, বৃহস্পতিবার বাড়ি থেকে একদল পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। সেখানে তাঁকে পিছমোড়া করে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। মাটিতে পড়ে গেলে বুট দিয়ে লাথি মেরে ও পাড়িয়ে নির্যাতন চালানো হয়। এ সময় ল্যাপটপ চুরির সঙ্গে তিনি জড়িত বলে পুলিশ জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল করিম বলেন, করিমের পায়ের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুদাসপুর থানার এসআই সুব্রত কুমার মাহাতো বলেন, সন্দেহবশত করিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তবে নির্যাতন করা হয়নি।
এদিকে করিমের বড় ভাই শরীফুল ইসলাম অভিযোগ করেন, খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজে ১৫টি ল্যাপটপ চুরি হয়। ওই ঘটনায় তাঁর ভাইকে পুলিশ সন্দেহবশত আটক করে অমানুষিক নির্যাতন চালায়। অথচ তাঁর ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত নেই। তিনি আরও বলেন, গতকাল রোববার সকালে আবদুল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে থেকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম নির্যাতনের ঘটনা শোনেন।
খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের ১৫টি ল্যাপটপ চুরি নিয়ে ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘কলেজে চুরি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।