যুবলীগ কর্মীকে হত্যা ও ভাঙচুরের ঘটনায় ৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে যুবলীগ কর্মী হত্যা ও এর জের ধরে সংঘটিত ঘটনায় তিনটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে গত মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় নিহত হন যুবলীগের কর্মী রেজাউল করিম। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত বুধবার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা। এ ছাড়া ইউনিয়নের আমতলী বাজারে দুটি দোকান ও একটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িটির মালিক আবদুল ওয়াদুদ নামের এক ব্যক্তি। হত্যাকাণ্ড ও সংঘর্ষের জন্য ধর্মপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাখাওয়াত হোসেন এবং সাবেক চেয়ারম্যান আজাহারুল হক একে অন্যের অনুসারীদের দায়ী করেছেন। নিহত রেজাউল সাবেক চেয়ারম্যান আজাহারুলের অনুসারী ছিলেন। 

থানা সূত্র জানায়, যুবলীগ কর্মী হত্যার ঘটনায় তাঁর বাবা আবদুল হক, ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন এবং বাড়িতে হামলার ঘটনায় আবদুল ওয়াদুদের মা রেজিয়া খাতুন বাদী মামলা দায়ের করেন। যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রধান আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেনকে। অন্যদিকে শাহাদাত হোসেন ও রেজিয়া খাতুনের দায়ের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল হককে প্রধান আসামি করা হয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী তিনটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। সেখানে পুলিশ টহল অব্যাহত রয়েছে।