যুবলীগ কর্মীকে হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা এলাকায় গতকাল রোববার দুপুরে যুবলীগের এক নেতাকে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামের যুবলীগের কর্মী আবদুল করিম ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। চরহোগলা এলাকায় আসার পর গতকাল দুপুরে আওয়ামী লীগের কর্মী জানে আলম, খোকন মিয়া, মুসলিম মিয়া, বাদশা মিয়া, আবু হানিফ ও বাবু মিয়াসহ ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে করিমের ওপর হামলা চালিয়ে তাঁর হাত ও পায়ের রগ কেটে দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। আহত অবস্থায় করিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
করিমের স্ত্রী নিশা আক্তার জানান, পূর্বশত্রুতার জের ধরে আমার স্বামীকে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এদিকে জানে আলম ও খোকন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, যুবলীগ কর্মী আবদুল করিমকে কুপিয়ে আহত করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।