যুবলীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে যুবলীগের এক কর্মীর ডান পা ও ডান হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার উপজেলার ধূলিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম হুমায়ন কবির (৩৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধূলিয়া লঞ্চঘাটের ইজারাকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও যুবলীগের কর্মী হুমায়ন কবিরের সঙ্গে ধূলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খলিলুর রহমানের বিরোধ চলছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে খলিলুর বিরোধ নিষ্পত্তির কথা বলে হুমায়নকে ধূলিয়া লঞ্চঘাট এলাকায় নিয়ে যান। পরে খলিলুরের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী হুমায়নকে আটক করে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে অচেতন অবস্থায় ফেলে যায়। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে রাতেই স্পিডবোটে করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হুমায়ন কবিরের ডান পায়ের হাঁটুর নিচের হাড় তিন অংশে ও ডান হাতের কনুইয়ের নিচের হাড় ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে।
অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, হুমায়ন কবির গণপিটুনির শিকার হয়েছেন।