যুবলীগ কর্মীদের পাহারা, শিডিউল কিনতে বাধা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ৬১ কোটি টাকার দরপত্রের শিডিউল কেনা ও জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) দুই নেতার অনুসারীদের বিরুদ্ধে। বিসিকে শিডিউল কিনতে গিয়ে মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁদের প্রতিপক্ষের দুই নেতাও।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর দরপত্রের শিডিউল বিক্রি ও জমার শেষ দিন গত বুধবার নির্ধারিত থাকলেও তা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণবশত দরপত্রের শিডিউল বিক্রি ও জমার শেষ দিন স্থগিত করা হয়েছে। তবে শেষ তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ বা মারামারির খবর আমি জানি না। ১৭-১৮টির মতো শিডিউল বিক্রি হয়েছে।’
তবে এ নিয়ে সংঘর্ষের আশঙ্কাও করছেন যুবলীগের নেতা-কর্মীরা। অভিযোগ রয়েছে, বাধাদানকারীরা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাট ও যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম ওরফে সাঈদের অনুসারী। প্রতিপক্ষের দুই নেতা যুবলীগ দক্ষিণের উপপরিবেশবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম এবং উপস্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক সজল আহমেদকে মারধরের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে।
সম্প্রতি সদরঘাট থেকে পোস্তগোলা শ্মশানঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ড্রেন ও বেড়া নির্মাণসহ বিভিন্ন কাজের প্রায় ১৬ কোটি টাকার দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিএ। প্রায় একই সময়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় শিল্পপার্কের আটটি কাজের জন্য প্রায় ৪৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে বিসিক। এ মাসের দ্বিতীয় সপ্তাহে মতিঝিলে এ দুই সংস্থার কার্যালয়ে শিডিউল বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। বিসিকের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, দরপত্র আহ্বান করার পর থেকে মতিঝিলে ওই দুই সংস্থার কার্যালয়ের নিচে একপ্রকার পাহারা বসান যুবলীগের নেতা ইসমাইল ও মমিনুলের অনুসারীরা। এতে প্রতিপক্ষ বা অন্য ঠিকাদারেরা শিডিউল কিনতে পারছেন না। একজন শিডিউল কেনার পর তা কেড়ে নেওয়া হয়েছে।
লালবাগের একজন সাধারণ ঠিকাদার প্রথম আলোকে বলেন, তিনি শিডিউল কিনতে টানা কয়েক দিন বিআইডব্লিউটিএতে গেছেন। কিন্তু যুবলীগ নামধারী ২০-৩০ জন যুবক তাঁকে ওপরে উঠতেই দেননি। একদিন গায়েও হাত তুলেছেন তাঁরা।
২১ ডিসেম্বর বেলা দেড়টার দিকে বিসিকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য শিডিউল কিনতে যান যুবলীগ নেতা শহীদুল, সজল আহমেদসহ তিনজন। তাঁরা জানান, শিডিউল যেখানে বিক্রি হচ্ছে, ওই ভবনের নিচে অবস্থান নেওয়া অর্ধশতাধিক যুবক তাঁদের গতিরোধ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের মারধর করেন ওই যুবকেরা। তাঁদের কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখেন।